কলকাতার কয়েকটি সেরা ইতালীয় রেস্তোরাঁ
বাংলা ও বাঙালি মানেই ভুরিভোজ। তাই ঘুরে-ফিরে সেই আবারও খাবার প্রসঙ্গেই ফিরে এলাম। এর আগেও শহর কলকাতার সেরা বাঙালি রেস্তোরাঁ, সেরা চাইনিজ রেস্তোরাঁ, বিখ্যাত বিরিয়ানি হাউস ইত্যাদি বহু রেস্তোরাঁ ও খাবারের খোঁজ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের জন্য। আর আজকে আমার প্রতিবেদনে রয়েছে কলকাতার কয়েকটি সেরা ইতালীয় রেস্তোরাঁ সম্পর্কে বিশেষ কিছু তথ্য। চলুন তাহলে আর দেরি না করে খুঁজে নেওয়া যাক সিটি অফ জয়ের সেরা ইতালীয় রেস্তোরাঁর ঠিকানাগুলি।
লা কুচিনা
হায়াত রিজেন্সি কলকাতার “লা কুচিনা” একটি ফাইন ডাইনিং ইতালীয় রেস্তোরাঁ। এই রেস্তোরাঁর মনোরম পরিবেশ এবং অথেন্টিক হোম স্টাইল কুকিং আপনাকে মুগ্ধ করে দেবে। এখানকার ইন্টারেক্টিভ কিচেন, চিত্তাকর্ষক ওয়াইনের তালিকা, কনটেম্পোরারি ইন্টেরিয়রস এক কথায় অনবদ্য।

আপনি যদি খাঁটি ইতালীয় খাবারের স্বাদ নিতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই আসতে হবে শহর কলকাতার অন্যতম সেরা ইতালীয় রেস্তোরাঁ লা কুচিনাতে। লা কুচিনার মেনুর প্রতিটি খাবারেই রয়েছে ষোলোআনা ইতালিয়ানা, যার মধ্যে কয়েকটি মাস্ট ট্রাই ডিশ হল নিওকি, ডিপ ফ্রায়েড স্কুইড রিং, স্যামন উইথ বেসিল পটেটো ম্যাশ, টম্যাটো, কেপার অ্যান্ড অলিভ সালসা এবং লবস্টার রাভিওলি। এছাড়াও এখানকার উড ফায়ার পিৎজা এবং ডিজার্টে মেল্টিং চকলেট টার্ট উইথ হোমমেড ভ্যানিলা আইসক্রিম অবশ্যই ট্রাই করবেন।
ঠিকানা – Hyatt Regency Kolkata- JA-1, JA Block, Sector III, Bidhannagar, Kolkata, West Bengal, India, 700106.
ফ্যাব্রিকা অরিজিনেল
শহর কলকাতার আরও এক অন্যতম সেরা ইতালীয় রেস্তোরাঁ “ফ্যাব্রিকা অরিজিনেল”। ২০১৭ সালে নমন ধান্ধানিয়া, রাঘব কাপুর ও রোহান আয়ারল্যান্ডের হাত ধরে এই ইতালীয় রেস্তোরাঁ তার যাত্রা শুরু করে। ঐতিহ্যগত ইতালীয় রন্ধনপ্রণালীর সাথে আধুনিক ছোঁয়া এই রেস্তোরাঁর প্রতিটি খাবারের মধ্যে এনেছে এক অতুলনীয় স্বাদ।
অ্যালেনবাই রোড এবং সল্টলেক সিটি সেন্টার 1 ছাড়াও এখন ফ্যাব্রিকা অরিজিনেল-এর আরও একটি নতুন আউটলেট খুলেছে, যেটি পার্কস্ট্রিটে অবস্থিত। এই আউটলেটের বিশেষত্ব হল লাইভ পিৎজা কাউন্টার। এখানে আপনি ফ্যাব্রিকার সিগনেচার নেপোলিটান পিৎজা তৈরির সম্পূর্ণ প্রণালী স্বচক্ষে দেখার অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যেটি সরাসরি ওভেন থেকে আপনার টেবিলে পরিবেশন করা হবে।

এখানকার হ্যান্ডমেড পিৎজা ছাড়াও আপনি ট্রাই করতে পারেন রিজিওনাল হ্যান্ডমেড পাস্তা। আর স্টার্টারে আপনি পেয়ে যাবেন ম্যারিনেটেড মিক্সড অলিভ, আরানচিনি ইত্যাদি নানান ধরনের ইতালীয় খাবার। সবশেষে ফ্যাব্রিকার জনপ্রিয় তিরামিসু দিয়ে মিষ্টি মুখ করতে একদমই ভুলবেন না। এছাড়াও এখানে রয়েছে ককটেল এবং ওয়াইনের বিপুল সম্ভার।
ঠিকানা – Ground floor, 18A, Park Street, Park Street area, Kolkata, West Bengal 700071.
দ্য কর্নার কোর্টইয়ার্ড
একটি প্রাচীন আইকনিক ম্যানশনে বসে ইতালীয় খাবারের স্বাদ নিতে কারই না মন চায়। ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী শরৎ বোস রোডের এই শতাব্দী প্রাচীন বাড়িটি আজ “দ্য কর্নার কোর্টইয়ার্ড” নামে শহর কলকাতার এক জনপ্রিয় ইতালীয় রেস্তোরাঁয় পরিণত হয়েছে। তবে শুধু ইতালীয় খাবারই নয়, তার সাথে কন্টিনেন্টাল সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। রেস্তোরাঁর সাথে সাথে এটি একটি বুটিক হোটেলও।

দ্য কর্নার কোর্টইয়ার্ড-এর বিভিন্ন সিজনাল সালাদ, অ্যাপেটাইজার, উড-ফায়ার পিৎজা, পাস্তা সাথে এখানকার মনোমুগ্ধকর অ্যাম্বিয়েন্স এবং হসপিটালিটি যেকোনো ইটালিয়ান ফুড লাভারের মন অনায়াসেই জয় করে নেবে। তাহলে আর দেরি কিসের, আপনার যেকোনো স্পেশাল দিনকে আরও একটু বেশি স্পেশাল করে তুলতে চলে আসুন এই বিখ্যাত ইতালীয় রেস্তোরাঁটিতে।
ঠিকানা- 92 B, Sarat Bose Road, Kolkata 700026, West Bengal, India.
ফায়ার অ্যান্ড আইস পিজারিয়া
মনোরম পরিবেশ, সুস্বাদু খাবার, ব্যাকগ্রাউন্ডে সুদিং ইটালিয়ান মিউজিক সাথে আপনার প্রিয়জন আর আপনি। কী ভাবছেন? এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় যদি আপনি এবং আপনার কাছের মানুষটি ইটালিয়ান ফুড লাভার হন।

২০০৫ সালে নেপলসের এক ইতালিয়ান মহিলা “ফায়ার অ্যান্ড আইস পিজারিয়া’ নামক এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন, যদিও সেই সময় কলকাতায় ইতালীয় রেস্তোরাঁগুলি খুব বেশি জনপ্রিয় ছিল না। তবে তার এক দশক পর এই ইতালীয় রেস্তোরাঁ শহর কলকাতার সেরা ইতালীয় খাবার পরিবেশনকারী জনপ্রিয় রেস্তোরাঁগুলির মধ্যে একটি হয়ে ওঠে। প্রতিটি খাবার তৈরির প্রক্রিয়াকরণে গুণমান ও পরিপূর্ণতা বজায় রেখে অথেন্টিক ইটালিয়ান খাবারের স্বাদকে কলকাতাবাসীর কাছে পরিবেশন করেছে ফায়ার অ্যান্ড আইস পিজারিয়া, যা এই রেস্তোরাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। খাঁটি আমদানিকৃত ইটালিয়ান ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে তাদের নিজস্ব হোমমেড মোজারেলা চিজ, বাছাই করা লোকাল ফ্রেশ ভেজিটেবলস, সবকিছুতেই শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছে এই রেস্তোরাঁ। এখানকার অথেন্টিক ইটালিয়ান পাস্তা, পিৎজা, রিসোটোর স্বাদ গ্রহণের মাধ্যমে নিজের বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম উপভোগ করুন। এই রেস্তোরাঁয় স্টার্টার অথবা মেনকোর্স সবকিছুতেই ভেজিটেরিয়ান এবং নন-ভেজিটেরিয়ান উভয় প্রকার খাবারেরই অনেক অপশন আছে। এর পাশাপাশি এখানে আপনি বিভিন্ন ধরনের রিফ্রেশিং ককটেল, ওয়াইন এবং মকটেল ট্রাই করতে পারেন।
ঠিকানা- Kanak Building, Jawaharlal Neheru Road, Park Street area, Kolkata, West Bengla 700071.

Author
Moumita Sadhukhan
A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation.

its a good blog post , thank you