কলকাতার ৬টি বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁ
মাছের ঝোল আর কষা মাংসের মধ্যেই আটকে নেই বাঙালির টেস্ট বাডস্। ভিন রাজ্য অথবা ভিন দেশ, সে যেখানকারই খাবার হোক না কেন, নতুন কিছু চেখে দেখার সুযোগ বাঙালিরা সহজে হাতছাড়া করে না। চিরকালই বাঙালি সাদরে গ্রহণ করেছে দেশ-বিদেশের বিভিন্ন ক্যুইসিনকে। কন্টিনেন্টাল থেকে শুরু করে আমেরিকান, চাইনিজ, জাপানিজ বিভিন্ন দেশের খাবারের রেস্তোরাঁ রয়েছে “সিটি অফ জয়” কলকাতার বুকে।
চীন থেকে বহু মানুষ বাংলায় এসে তাদের বসতি স্থাপন করে, আর তাদের দৌলতেই বাঙালিদের চীনা খাবারের স্বাদ নেওয়ার সুযোগ ঘটে। বাংলার মানুষের কাছে বাঙালি খাবারের পরেই সেকেন্ড ফেভারিট ক্যুইসিন হল চীনা খাবার। আজকে যারা চীনা খাবার-দাবার খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য রয়েছে কলকাতার ৬টি বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁ সম্পর্কে বিশেষ কিছু তথ্য।
ইয়াউচা
আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শহরের অন্যতম সেরা চাইনিজ রেস্তোরাঁয় বসে চীনা খাবারের স্বাদ গ্রহণ করতে চাইলে চলে আসতে পারেন ইয়াউচাতে। এই চাইনিজ রেস্তোরাঁ শুধুমাত্র খাবারের কোয়ালিটি বা টেস্টের জন্যই বিখ্যাত নয়, তার সাথে সাথে এখানকার পরিবেশ এবং হসপিটালিটি আপনাকে মুগ্ধ করে দেবে। এই রেস্তোরাঁটির বিশেষ সিক্স-কোর্স মিলটির স্বাদ এক কথায় অতুলনীয়। এই মিলে রয়েছে স্যুপ, সালাদ, ডিম সাম, স্টির-ফ্রাই, স্টেপল, ডেসার্ট এবং সাথে টি-বেসড্ ককটেল। এই সিক্স-কোর্স মিল ছাড়াও আপনি চাইলে আলাদা ভাবে অন্যান্য চাইনিজ খাবারগুলিও অর্ডার করতে পারেন। এই রেস্তোরাঁটিতে বসে খাওয়ার সাথে সাথে টেক অ্যাওয়ে ও হোম ডেলিভারির সুবিধাও রয়েছে।

ঠিকানা- ৬ তলা (5th floor), কোয়েস্ট মল, পার্ক সার্কাস, ৩৩, সৈয়দ আমির আলী এভিনিউ, বেক বাগান, বালিগঞ্জ, কলকাতা– ৭০০০১৭
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
https://taogroup.com/venues/yauatcha-kolkata/
মেনল্যান্ড চায়না
“মেনল্যান্ড চায়না” ভারতের একটি বিখ্যাত রেস্টুরেন্ট চেন যা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে তার শাখা বিস্তার করেছে। এই চাইনিজ রেস্তোরাঁ কলকাতা, মুম্বাই, পুনে, চেন্নাই, ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, বরোদা, চণ্ডীগড় এই ১০টি শহরে রয়েছে। তাই শুধু কলকাতাবাসীরাই নয়, ভিন রাজ্যের বাঙালিরাও এই রেস্তোরাঁর চীনা খাবারের স্বাদ থেকে বঞ্চিত হবেন না।
মেনল্যান্ড চায়নার পারদর্শী শেফেদের হাতের তৈরি অথেনটিক চাইনিজ খাবারের স্বাদ আপনাকে দেবে পরম তৃপ্তি। এখানে এলে যে যে খাবারগুলি অবশ্যই ট্রাই করবেন সেগুলি হল- টেম্পুরা প্রন, ম্যাংগো পুডিং, জেসমিন টি, চিকেন সুই মাই এবং ক্র্যাকলিং স্পিনাচ।
এই চাইনিজ রেস্তোরাঁর কর্ণধার একজন বাঙালি, আর সেই বিখ্যাত বাঙালির নাম অঞ্জন চ্যাটার্জী, যার হাত ধরে আরও বেশ কয়েকটি নামকরা রেস্তোরাঁও তাদের যাত্রা শুরু করেছে, যেমন- ওহ! ক্যালকাটা, রিয়াসাত ইত্যাদি।

ঠিকানা– ৪ তলা (3rd floor), সিলভার স্প্রিং কমপ্লেক্স, ৫, জেবিএস হ্যালডেন এভিনিউ, ট্যাংরা, কলকাতা- ৭০০১০৫এছাড়াও বালিগঞ্জ, যাদবপুর (সাউথ সিটি মল) এবং কাঁকুড়গাছিতে এই রেস্তোরাঁর আউটলেট রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
চিনোইসেরি
কলকাতার বুকে অন্যতম বিখ্যাত একটি চাইনিজ ফাইন ডাইনিং রেস্তোরাঁ চিনোইসেরি। কোনো স্পেশাল অকেশনে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এক অসাধারণ লাঞ্চ বা ডিনারের অভিজ্ঞতা অর্জন করতে চাইলে চলে আসতে পারেন এই রেস্তোরাঁটিতে। এখানকার সিচুয়ান এবং ক্যান্টোনিজ খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো, আর খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। টেস্টি চাইনিজ খাবারের সাথে সাথে এখানকার অ্যাম্বিয়েন্স এবং হসপিটালিটি আপনার স্পেশাল দিনটিকে আরও একটু বেশি স্পেশাল করে তুলবে। সিচুয়ান এবং ক্যান্টোনিজ খাবারগুলির মধ্যে যেগুলি মাস্ট ট্রাই ডিশ সেগুলি হল- সুইট অ্যান্ড সাওয়ার পর্ক বেলি, টোফু হং-কং স্টাইল, পিকিং ডাক, বাটার চিলি গার্লিক প্রন এবং কোকোনাট প্যানকেক।

ঠিকানা- তাজ বেঙ্গল, ৩৪-বি, বেলভেডিয়ার রোড, আলিপুর, কলকাতা- ৭০০০২৭
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.tajhotels.com/en-in/hotels/taj-bengal-kolkata/restaurants/chinoiserie
চাউম্যান
“চাউম্যান” কলকাতার আরও এক বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁ যার কর্ণধারও একজন বাঙালি। বাংলার জনপ্রিয় রক ব্যান্ড “লক্ষ্মীছাড়া”-র ফাউন্ডিং মেম্বার দেবাদিত্য চৌধুরী, যিনি মিউজিসিয়ান হওয়ার সাথে সাথে একজন ভ্রমণপ্রিয় ও খাদ্যরসিক বাঙালিও বটে, তারই ব্রেনচাইল্ড এই চাইনিজ রেস্তোরাঁ। এই ভ্রমণপিপাসু ও খাদ্যরসিক বাঙালি চাইনিজ কালচার শিখতে এবং তাদের ফুড ট্র্যাডিশন বুঝতে সমগ্র এশিয়া ভ্রমণ করেছিলেন। এনার হাত ধরেই চাউম্যান ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। বিগত ১৪ বছর ধরে এই চাইনিজ রেস্তোরাঁ বাঙালিদের চীনা খাবার পরিবেশন করে চলেছে।
কলকাতায় চাউম্যান-এর মোট ২৩টি আউটলেট আছে। এছাড়াও ব্যাঙ্গালোর, দিল্লী, এবং হায়দ্রাবাদে যথাক্রমে ৭টি, ৪টি এবং ২টি আউটলেট রয়েছে। পরবর্তীতে ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও এই চাইনিজ রেস্তোরাঁ নিজের শাখা বিস্তারের প্রস্তুতি নিচ্ছে।
এই রেস্তোরাঁটিতে এলে যে যে ডিশগুলি আপনার অতি অবশ্যই ট্রাই করা উচিত সেগুলি হল- প্রন রাইস, চিলি ওয়াইন ফিশ, পেপার গার্লিক ক্র্যাব, মিক্সড মেফুন এবং কনজি ক্রিস্পি ল্যাম্ব।

ঠিকানা- হিন্দুস্তান মোর, নজরুল পল্লী, গড়িয়া গার্ডেন, গড়িয়া, রাজপুর সোনারপুর, কলকাতা- ৭০০০৮৪
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
বেইজিং
এই “বেইজিং” চীনের রাজধানী নয় বটে, তবে এই রেস্তোরাঁটিকে অবশ্যই ফুড ক্যাপিটাল অফ চায়না টাউন বলা যেতে পারে। কলকাতার চায়না টাউনের অন্যতম সেরা রেস্তোরাঁ হল এই বেইজিং রেস্টুরেন্ট। বেইজিং, কলকাতার প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় চাইনিজ রেস্তোরাঁগুলির মধ্যে একটি, যা তার ইন্দো-চাইনিজ খাবারের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এখানকার পিকিং চিকেন উইথ হোইসিন সস, স্পেশাল ডাক রোস্ট, পেপার চিলি গার্লিক টোফু এবং সাংহাই চিকেন ট্রাই করতে একদমই ভুলবেন না।

ঠিকানা- ১০৫, তোপসিয়া এন রোড, গোল্ডেন এম্পায়ারের বিপরীতে, ট্যাংরা, কলকাতা- ৭০০০৪৬
ইউ চিউ রেস্টুরেন্ট
খাবারের সাথে বাংলার ইতিহাস ও সংস্কৃতির অপরূপ মেলবন্ধন রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলির, তারমধ্যে কলকাতার ১৫টি প্রতিষ্ঠানকে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের তরফ থেকে “হেরিটেজ” তকমা দেওয়া হয়েছে। কলকাতার যে সমস্ত প্রতিষ্ঠানগুলি ১৯৬০ সাল বা তারও আগে থেকে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তাদের ব্যবসা চালিয়ে গেছে এবং এখনও মানুষের রসনা তৃপ্তির খেয়াল রেখে চলেছে, সেই প্রতিষ্ঠানগুলিকে নীল রঙের এক বিশেষ ফলক দিয়ে এই সম্মান প্রদান করা হয়েছে।
এই ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে এক প্রাচীন চাইনিজ রেস্তোরাঁ, যেটি ১৯২৭ সাল থেকে নানা ধরনের চাইনিজ খাবারের সাথে বাঙালির পরিচয় ঘটিয়েছে। সেই প্রাচীন চাইনিজ রেস্তোরাঁটির নাম ইউ চিউ রেস্টুরেন্ট।
ইউ চিউ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা হলেন আচুম্পা হুয়াং। চায়না থেকে কলকাতায় পাকাপাকিভাবে চলে আসার পর ইমিগ্রেন্ট চাইনিজদের জন্য খাবার বানাতে বানাতেই তাঁর এই রেস্তোরাঁর পথ চলা শুরু, তারপর বংশ পরম্পরায় তাঁর পরিবারের সদস্যরাই এর ঐতিহ্য বজায় রেখে চলেছেন। এই রেস্তোরাঁটি পরিবারের সদস্যদের দ্বারা চালিত ভারতের প্রাচীনতম চাইনিজ রেস্তোরাঁ। মজার বিষয় হল এই রেস্তোরাঁর খাবারের রেসিপিগুলিও পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, যাতে রেসিপিগুলির গোপনীয়তা বজায় থাকে। বাজার করা থেকে শুরু করে রান্না এবং খাবার পরিবেশন সবই তারা নিজেরাই করেন। এখানকার বিখ্যাত খাবারগুলির মধ্যে চিমনি স্যুপ, চিলি পর্ক, হানি লেমন চিকেন, জোসেফাইন নুডলসের নাম না নিলেই নয়।

ঠিকানা- ১২, গণেশ চন্দ্র এভিনিউ, এসপ্ল্যানেড, চৌরঙ্গী নর্থ, বউবাজার, কলকাতা- ৭০০০১৩
উল্লিখিত রেস্তোরাঁগুলি ছাড়াও কলকাতার অলিতে গলিতে রয়েছে আরও বহু বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁ, যেগুলি বহু দশক ধরে আমাদের চীনা খাবার পরিবেশন করে চলেছে। এছাড়াও এই শহরের বুকে বহু অখ্যাত চাইনিজ রেস্তোরাঁও আছে যেখানে ঢুঁ মারলে জানা যায় যে কত সুস্বাদু খাবারের ভাণ্ডার রয়েছে তাদের খাজানায়।

Author
Moumita Sadhukhan
A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation.

Pingback: কলকাতার কয়েকটি সেরা ইতালীয় রেস্তোরাঁ - Kuntala's Travel Blog