সেরা ৮টি নিউটাউনের দর্শনীয় স্থান – কলকাতা
শহর কলকাতাকে যারা খুব কাছ থেকে চেনেন ও জানেন তাদের কাছে নিউটাউন নামটি খুবই পরিচিত। নিউটাউন বা রাজারহাট নিউটাউন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি পরিকল্পিত স্যাটেলাইট সিটি। ভারত সরকার এই স্যাটেলাইট সিটিকে “সোলার সিটি” ও “স্মার্ট গ্রিন সিটি” নামে আখ্যায়িত করেছে। বর্তমানে এটি দেশের দ্রুত বর্ধনশীল প্রধান শহরগুলির মধ্যে একটিতে রূপান্তরিত হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এখানে তথ্যপ্রযুক্তি শিল্প এবং আবাসন ও নির্মাণ শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। বহু মানুষের কর্মস্থল ও আবাসস্থল এই রাজারহাট নিউটাউন। এই স্যাটেলাইট সিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু মন্দির, অ্যামিউজমেন্ট পার্ক, মিউজিয়াম ইত্যাদি নানা দর্শনীয় স্থান। আজকে তারই মধ্যে সেরা ৮টি নিউটাউনের দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব।
ইকোপার্ক
কলকাতার রাজারহাটে নিউটাউন অঞ্চলে অবস্থিত এই ইকোলজিক্যাল পার্ক বা ইকোপার্কের সম্পর্কে আশা করি সবাই অবগত। সেরা ৮টি নিউটাউনের দর্শনীয় স্থান সম্পর্কে বলতে গেলে প্রথমেই উঠে আসে এই অ্যামিউজমেন্ট পার্কটির নাম। ২০১৩ সালের ১লা জানুয়ারি থেকে এই অ্যামিউজমেন্ট পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ভারতের বৃহত্তম এই উদ্যানটি মোট ৪৮০ একর জমির উপরে তৈরি করা হয়েছে, এর সাথে একটি দ্বীপ ও ১০৪ একর আয়তনের একটি লেক রয়েছে। এই লেকটিতে বোটিং-এর সুব্যবস্থাও রয়েছে।
এখন আপনাকে সপ্তম আশ্চর্য দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে আর ঘুরে বেড়াতে হবে না। ২০০৭ সালে ঘোষিত বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রত্যেকটির রেপ্লিকা তৈরি করা হয়েছে এই পার্কটিতে। তাজমহল থেকে শুরু করে স্ট্যাচু অফ লিবার্টি, গিজার গ্রেট পিরামিড, রোমের কলোসিয়ামের মতো বিশ্বের অপূর্ব সব স্থাপত্য তৈরি করা হয়েছে ইকোপার্কে। কচিকাঁচাদের জন্য এখানে তৈরি করা হয়েছে একটি চিলড্রেনস পার্কও। ইকোপার্কে রয়েছে একটি ভাসমান অর্ধবৃত্তাকার অ্যাম্ফিথিয়েটার যার মধ্যে প্রায় ২০০০ দর্শক একই সাথে যেকোনো অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারে। এছাড়াও এখানে রয়েছে ডুও সাইক্লিং, ল্যান্ড ও ওয়াটার জরবিং, কায়াকিং, হাই স্পিড বোটিং, ট্রামপোলিনের মতো নানান আনন্দদায়ক অ্যাক্টিভিটি থেকে শুরু করে রবি অরণ্য, ট্রপিক্যাল টি গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, আর্টিস্টস কটেজ, রোজ গার্ডেন, স্কাল্পচার গার্ডেন, মাস্ক গার্ডেন, ট্রপিকাল রেইন ফরেস্ট, ফ্রুটস গার্ডেন, পাখিবিতান, জাপানিজ ফরেস্টের মতো বিভিন্ন ধরনের আকর্ষণ। সবশেষে অন্ধকার ঘনিয়ে এলে বাড়তি পাওনা হিসাবে এখানে আপনি দেখতে পাবেন অসাধারণ একটি মিউজিক্যাল ফাউন্টেন শো। পিকনিক স্পট হিসেবেও এই অ্যামিউজমেন্ট পার্কটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ঠিকানা- Major Arterial Road, Biswa Bangla Sarani, AA II, Newtown, Kolkata, West Bengal 700156.
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
মাদারস ওয়াক্স মিউজিয়াম
কলকাতা শহরের নিউটাউনে এই জনপ্রিয় জাদুঘর লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১৪ সালে নির্মাণ করা হয়েছিল। ইকোপার্কের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে মাদারস ওয়াক্স মিউজিয়ামটি অবস্থিত।
ক্রীড়া, বলিউড, হলিউড, ইতিহাস এবং সংগীত জগতের খ্যাতনামা ব্যক্তিদের মোমের তৈরি অসাধারণ সব মূর্তি এই জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা আছে।
এছাড়াও বিভিন্ন কার্টুন চরিত্র থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশিষ্ট বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মতো বহু স্বনামধন্য ব্যক্তিত্বদের মোমের মূর্তি রয়েছে এই জাদুঘরটিতে।

ঠিকানা- 5th and 6th Floor, CBD 1, International Financial Hub, Biswa Bangla Sarani, Newtown, Kolkata-700156.
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
হরিণালয়
কলকাতার চিড়িয়াখানা মানেই আজন্ম প্রাচীন ভারতবর্ষের সবচেয়ে পুরানো ও সর্ববৃহৎ জুলজিকাল পার্ক আলিপুর চিড়িয়াখানার ছবিটি আমাদের চোখে ভেসে ওঠে। তবে আজকে সেরা ৮টি নিউটাউনের দর্শনীয় স্থান প্রসঙ্গে জানতে গিয়ে আপনাদের পরিচয় ঘটবে একটি মিনি চিড়িয়াখানার সাথে, যার নাম “হরিণালয়”। ২০২৩ সালের ৯ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নিউটাউন এলাকায় হরিণালয়-এর উদ্বোধন করেন, পূর্বে এটি নিউটাউন জু নামে পরিচিত ছিল। ১২.৫০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই মিনি চিড়িয়াখানাটি ইকোপার্কের ৬ নম্বর গেটের কাছে অবস্থিত।
২০১৬ সালে মূলত একটি ডিয়ার পার্ক হিসেবে শুরু হয় এর কার্যকলাপ। বেশ কয়েকটি বার্কিং ডিয়ার আর স্পটেড ডিয়ার হল এখানকার আদি বাসিন্দা। এখন এই হরিণালয় ১০০-এরও বেশি প্রজাতির পাখির আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই পাখিগুলির মধ্যে কিছু আমাজনের রেইনফরেস্ট আর কিছু আফ্রিকা ও অস্ট্রেলিয়ান উপকূলবর্তী এলাকাগুলি থেকে আমদানি করা হয়েছে। এর সাথে সাথে এখানে আপনার চোখে পড়বে জিরাফ, জেব্রা, জলহস্তী, কুমির, হোয়াইট লিপড ট্যামারিন মাঙ্কি, আফ্রিকান মোনা মাঙ্কি, মারমোসেটের মতো কিছু অন্যান্য প্রাণীও। পরবর্তীতে আরও অন্য প্রজাতির বহু প্রাণীর আশ্রয়স্থল হতে চলেছে এই হরিণালয়।
আগত দর্শকদের উদরপূর্তি যাতে সুষ্ঠভাবে হতে পারে তার জন্য এখানে রয়েছে একটি ফুডকোর্ট। এছাড়াও এখানে কচিকাঁচাদের খেলার জন্য একটি চিলড্রেন্স পার্কও রয়েছে। সম্পূর্ণ চিড়িয়াখানাটি রংবেরঙের ফুলগাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। সব মিলিয়ে এই পরিবেশবান্ধব মিনি চিড়িয়াখানাটি সপ্তাহান্ত কাটানোর একটি আদর্শ স্থান।
ঠিকানা- JF56+CXP, Action Area IIE, Newtown, West Bengal 700156.
বিশ্ব বাংলা গেট
বিশ্ব বাংলা গেট নিউটাউনের দর্শনীয় স্থান হিসেবে প্রতিটি বাঙালির কাছে খুবই পরিচিত একটি নাম। কলকাতার নিউটাউনের প্রবেশদ্বার এই বিশ্ব বাংলা গেট। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (HIDCO) দ্বারা এই তোরণটি নির্মিত হয়। এই তোরণে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁ, ভিসিটর্স গ্যালারি এবং স্যুভেনির শপ। ২০১৯ সালের ৩১শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব বাংলা গেটের উদ্বোধন করেছিলেন। ওই একই বছর ২রা ফেব্রুয়ারি রেস্তোরাঁটির উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। এখানকার ভিসিটর্স গ্যালারি এবং রেস্তোরাঁটি কাঁচের দেয়াল দিয়ে ঘেরা, যেখান থেকে আগত দর্শকেরা শহরের বার্ডস আই ভিউ পাবেন। এই রেস্তোরাঁটিতে আসতে হলে আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে নিতে হবে।

ঠিকানা- Biswa Bangla Upas, Action Area 1D, Newtown, West Bengal, 700156.
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.biswabanglagatekolkata.in
অ্যাকুয়াটিকা
সেরা ৮টি নিউটাউনের দর্শনীয় স্থান প্রসঙ্গে আরও একটি অ্যামিউজমেন্ট পার্কের কথা না বললেই নয়। বিশাল ওয়াটার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ও পরিচালিত অ্যাকুয়াটিকা কলকাতা তথা সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম ওয়াটার থিম পার্ক। ওয়াটার থিম পার্ক সহ একটি রিসর্ট ও ব্যাংকোয়েট মিলিয়ে মোট ১৭ একর জমির উপরে তৈরি হয়েছে অ্যাকুয়াটিকা ব্যাংকোয়েট রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। এই অ্যামিউজমেন্ট পার্ক তার যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। ব্ল্যাক হোল, ওয়েভ পুল, সাইক্লোনের মতো উত্তেজনাপূর্ণ বিভিন্ন ধরনের ওয়াটার রাইডসের সাথে সাথে লাইভ ইভেন্ট, বিলাসবহুল রিসর্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থেকে শুরু করে নানান ধরনের লোভনীয় খাবারের সম্ভার সবই রয়েছে এই অ্যামিউজমেন্ট পার্কটিতে। গ্রীষ্মের দাবদাহে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পরিবারের সকলকে নিয়ে ভরপুর আনন্দ করতে চলে আসুন এই অ্যামিউজমেন্ট পার্কটিতে।

ঠিকানা- Kouchpukur, P.O Hathgachia, P.S. :K.L.C, Thakdari Road, Township, Near Rajarhat, Kolkata, West Bengal 700156.
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
আপসাইড ডাউন হাউস
কী নামটা শুনেই অদ্ভুত লাগছে না! হ্যাঁ এই বাড়িতে সবকিছুই উল্টো। আপসাইড ডাউন হাউসের ভিতর প্রবেশ করা মাত্রই সবই আপনার কাছে উল্টো লাগবে। মনে হবে যেন আপনি রয়েছেন নিচে আর সমস্ত আসবাবপত্র ও জিনিসপত্র ওপরে ভেসে বেড়াচ্ছে। তবে একটু উল্টোভাবে ভাবলে মনে হবে আপনি ওপর থেকে ঘরটি দেখছেন, ঠিক যেমন কোনো হরর মুভিতে ভূতেরা ঘরের দেওয়াল বা সিলিং দিয়ে হেঁটে বেড়ায়, ব্যাপারটা খানিকটা সেই রকম। মনে হয় যেন এই বাড়ির ভিতর মাধ্যাকর্ষণ নামক জিনিসটি অকেজো হয়ে গেছে। ফটো শুটের জন্য এই বাড়িটি আগত দর্শনার্থীদের কাছে বেশ প্রিয় একটি স্থান। তাহলে আর কী, বেশি দেরি না করে এই উল্টো বাড়িতে কিছু মজাদার সময় কাটাতে তাড়াতাড়ি চলে আসুন।

ঠিকানা- 4th floor, Prabha Tara Enclave, Noapara Road (Near City Center 2), Action Area 2D, Newtown, Kolkata- 700157.
বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।
স্নো পার্ক
গ্রীষ্মের দাবদাহে শরীর ও মনকে ঠাণ্ডা করতে চাইলে অবশ্যই পৌঁছে যেতে হবে এই অ্যামিউজমেন্ট পার্কটিতে। এটি কলকাতার একমাত্র স্নো থিম পার্ক যেখানে আপনি সত্যিকারের বরফ নিয়ে খেলা করতে পারবেন। অ্যাক্সিস মলের ৭ তলায় অবস্থিত এই পার্কটি ১৫,০০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এবং এই পার্কটিতে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হয়। এখানে আপনি আইস স্কেটিং, স্কিইং, স্নোস্লাইড, বাস্কেটবল সহ আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। বরফ নিয়ে খেলার জন্য এখন আর আপনাকে যেতে হবে না কাশ্মীর বা অন্য কোনো শীতের জায়গায়, সেই মজা আপনি এখন পেয়ে যাবেন কলকাতাতেই।

ঠিকানা- 6th floor, Wonderland Park, Axis mall, Street Number 106, Sub-Central Business District, Action Area I, Newtown, West Bengal 700156.
শ্রী রাম মন্দির
নিউটাউনের দর্শনীয় স্থান প্রসঙ্গে বেশ কয়েকটি মন্দিরের নাম উঠে আসে। তার মধ্যে রয়েছে জগন্নাথ মন্দির, ইসকনের মন্দির, শ্রী রাম মন্দির ইত্যাদি। আজকে এর মধ্যে শ্রী রাম মন্দির প্রসঙ্গে আলোচনা করব।
এই মন্দিরে প্রবেশ করা মাত্রই ডান দিকে চোখে পড়বে রামায়ণের সীতা হরণের সেই দৃশ্য যেখানে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জটায়ু তাকে বাধা দেওয়ার চেষ্টা করায় লঙ্কাপতি জটায়ুর ডানা কেটে দিয়েছিলেন, তার ঠিক পিছনেই রয়েছে ১৫১ ফুট উচ্চতা বিশিষ্ট হনুমানের মূর্তি, আর এই মূর্তিটির ঠিক পাশেই রয়েছে ধ্যানমগ্ন বিশালাকার মহাদেবের মূর্তি। এছাড়াও এই মন্দির চত্বরে বহু দেব-দেবীর বিগ্রহ রয়েছে আর তার সাথে বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে শ্রী রামের মন্দির ছাড়াও আরও অন্যান্য দেব-দেবীর মন্দিরও রয়েছে, যার মধ্যে শ্বেত পাথরের তৈরি শ্রী শ্যাম মন্দিরটি অপূর্ব সুন্দর, যেটি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।

ঠিকানা- Action Area IIE, Newtown, West Bengal 700157.

Author
Moumita Sadhukhan
A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation.

an amazing and well-detailed blog! Your insights into Newtown Kolkata’s attractions are truly helpful for both locals and travelers. I loved how you highlighted each spot with useful details, making it easier for visitors to plan their trip. Keep up the great work—looking forward to more such informative and engaging content